জুলাইয়ের শহীদদের স্মরণে এনএসইউতে রক্তদান কর্মসূচির আয়োজন

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:৩৩

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব, জুলাই বিপ্লবী যুব সংগঠনের সহযোগিতায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় আজ (বুধবার) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

এই কর্মসূচিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক হৃদয়স্পর্শী দোয়া পাঠের আয়োজনও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব বেনজীর আহমেদ এবং কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবদুর রব খান।

জনাব আজিজ আল কায়সার বলেন, আজ আমরা আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে রক্তদান কর্মসূচি পালন করছি। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করি এবং তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আবু সাঈদের স্মৃতিকে সম্মান জানাতেই এই আয়োজন। গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের সবার প্রতি আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তাঁদের সাহস ও নিঃস্বার্থতার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।

জুলাই বিপ্লবের স্মরণে নর্থ সাউথ ইউনিভার্সিটি আরও কিছু কর্মসূচির আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে সেমিনার, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রার্থনা। এসব আয়োজনের মাধ্যমে গত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

ইত্তেফাক/আইএ