সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোবিপ্রবি বন্ধ ঘোষণা 

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৫:০০

গোপালগঞ্জের চলমান অস্থির পরিস্থিতি ও প্রশাসনের জারি করা কারফিউর কারণে ১৭ জুলাই (বৃহস্পতিবার) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ১৭ জুলাই সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে। আগামী রবিবার (২০ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় এবং শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে এবং সন্ধ্যার পর থেকে কারফিউ জারি করা হয়।

গোপালগঞ্জে কারফিউ জারির কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। শুধুমাত্র গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্যই এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

ইত্তেফাক/এমএএম