বেল নৈপুণ্যে জিতল রিয়াল

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:১১

রিয়াল মাদ্রিদ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে আর্সেনালকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে। তবে দলটির জয় ছাপিয়ে আলোচনায় গ্যারেথ বেলের খেলতে নামা এবং দারুণ নৈপুণ্য দেখানো। ম্যাচে গোল পেলেও কোচ জিনেদিন জিদান জানিয়েছেন রিয়ালে বেলের পরিস্থিতির কোনো উন্নতি ঘটাচ্ছে না এই পারফরম্যান্স।

বুধবার সকালে পিয়েরে এমেরিক অবামেয়াং ও আলেক্সান্দার লাকাজেতের গোলে পিছিয়ে পড়ে জিদান বেলের শরণাপন্ন হন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করেন বেল। এর কিছু সময় পর মার্কো অ্যাসেন্সিওর গোলে সমতায় ফেরে রিয়াল। পরে টাইব্রেকারে জেতে রিয়াল।

তবে সংবাদ সম্মেলনে জিদান বলেছেন, ‘সে দারুণ খেলেছে এবং আমি এতে সন্তুষ্ট। তবে এর ফলে কিছুই পরিবর্তিত হয়নি। আপনি অবস্থাটা জানেন। সে আজকে খেলতে চেয়েছিল এবং সে দারুণ কাজ করেছে।’