কর্ণাটকে চলমান মিনি রঞ্জি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারিস একাদশের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। শেষ ইনিংসে বাংলাদেশের দলটির সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৮৬ রান। কোনো উইকেট না হারিয়ে ২৪.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় জহুরুল ইসলাম, সাদমান ইসলামরা।
বিসিবি একাদশ এই ম্যাচে এগিয়ে যায় প্রথম ইনিংসে স্বাগতিক দলকে ৭৯ রানে অলআউট করার ভেতর দিয়ে। জবাবে নিজেরা প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করে। শান্ত ৭২, সোহান ৬৮ ও সাদমান ৫৯ রান করেন।
দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ায় কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারিস একাদশ। অভিনব মনোহর ১১৭ রানের ইনিংস খেলেন। সেই সাথে ফিফটি করেন প্রবীন দুবে ও বিনয় এন সাগর। ফলে অলআউট হওয়ার আগে তারা ৩৪০ রান করে। বিসিবি একাদশের হয়ে এবাদত ৮৪ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া শহীদুল, আরিফুল ও মুমিনুল ২টি করে এবং সানজামুল ১টি উইকেট নেন।
বিশাল স্কোর করার পরও কর্ণাটকের দলটি লিড পায় ৮৫ রানের। সেই লিড পার করতে বিসিবি একাদশ কোনো উইকেট হারায়নি। ইনিংস শুরু করতে নেমেছিলেন জহুরুল ইসলাম অমি ও সাদমান ইসলাম।
অমি ৮৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। সাদমান টানা দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পান। তিনি ৬০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।
