বৃহত্তর চট্টগ্রামে আগামী রোববার আহ্বান করা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নগরীর কদমতলী আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চার দফা দাবিতে চট্টগ্রামসহ পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি।
বৈঠক শেষে সংগঠনের নেতারা জানান, তাদের চার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার জন্য ২০ জুলাই পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। ওই বৈঠকে দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত এলে পরবর্তী কর্মসূচি স্থগিত থাকবে। অন্যথায় ফের ধর্মঘটের ঘোষণা দেওয়া হবে। কেন্দ্রীয় বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেটির ওপর আমাদের পরবর্তী কর্মসূচি নির্ভর করবে। আপাতত বৃহত্তর চট্টগ্রামে ২০ জুলাইয়ের ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয়ভাবে আন্দোলনের বিষয়টি আলোচনা করেছি। আগামী ২০ জুলাই ঢাকায় মালিক-শ্রমিকদের যৌথ ফোরাম বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন ও বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের একটি যৌথ বৈঠক ডেকেছে। সেখানেই দাবি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে। দাবিগুলো কেন্দ্রীয়ভাবে উত্থাপন করা হবে। জাতীয় পর্যায় থেকে বিষয়টি সরকারকে জানিয়ে ইতিবাচক সমাধানের চেষ্টা করা হবে।
তাদের চার দফা দাবির মধ্যে আছে- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন ও সংশোধন, যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা, গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করতে না দেওয়া এবং বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।
পরিবহন নেতারা বলেন, দেশে প্রায় ৬০ থেকে ৭০ হাজার গাড়ি ‘ইকোনমিক লাইফ’ নীতিমালার কারণে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ২০১৮ সালে সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন শুরু থেকেই সংশোধনের দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে পরিবহন খাতের ওপর এক ধরনের বৈরী দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। শ্রমিকদের বিরুদ্ধে যেমন যাবজ্জীবন সাজার বিধান রয়েছে, মালিকদের বিরুদ্ধেও একই রকম শাস্তির বিধান রাখা হয়েছে। এ ধরনের আইন কার্যকর থাকলে পরিবহন খাত এগিয়ে নেওয়া সম্ভব নয়।
