বিয়ের এক মাস আগেই ঘাতক বাস কেড়ে নিল ডা. রুম্পার জীবন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

আর মাত্র কয়েকটা দিন বাকি। জানুয়ারিতেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। আকদও সম্পন্ন হয়েছে প্রায় দুই মাস আগে। বিয়ের কেনাকাটাও করেছেন। কিন্তু নতুন জীবনে প্রবেশের আগেই চিকিত্সক রুম্পার জীবন কেড়ে নিয়েছে ঘাতক বাস। গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয় সরণি এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী ডা. আখতার জাহান রুম্পা (২৮) নিহত হয়েছেন। তিনি সিলেটের ওসমানীনগরের বার্ডসআই হাসপাতালের চিকিত্সক ছিলেন। গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে তেজগাঁও থানাধীন বিজয় সরণির মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গুরুতর আহত অটোরিকশার চালক শ্যামলীর একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

ডা. রুম্পার বাবার নাম আখতারুজ্জামান। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহরে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত বাসটি সনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি জব্দ করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর দিক থেকে আসা একটি সিএনজি চালিত আটোরিকশা বিজয়নগর মোড় পার হয়ে সংসদ ভবনের দিকে যাচ্ছিল। এ সময় ফার্মগেটের দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে পড়ে। তখন বাসটি দ্রুত মহাখালীর দিকে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন অটোরিকশার ভেতর থেকে চালক এবং এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। নারী যাত্রী মারাত্মক জখম হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে অটোরিকশার চালককে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা ভোর ৫টার  দিকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে তার স্বজনরা লাশ সনাক্ত করেন।

ডা. মহসীন নামে রুম্পার এক আত্মীয় জানান, ঢাকার ধানমন্ডি বাংলাদেশ চক্ষু হাসপাতালে তার ইন্টারভিউ ছিল। ওই চাকরির সাক্ষাত্কারের জন্য রুম্পা গতকাল ভোরে সিলেট থেকে ঢাকা এসেছিলেন।

জানা গেছে, দুই মাস আগে রুম্পার সঙ্গে কাজী মোহাম্মদ মহসীনের আক্দ হয়েছিল। কাজী মোহাম্মদ মহসীনও পেশায় ডাক্তার। তার ভাই সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আমার ভাই চট্টগ্রামে থাকেন। চিকিত্সক হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রুম্পাকে তাদের বাসায় নেয়ার কথা ছিল। ট্রাফিক বিভাগ পশ্চিমের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সনাক্ত করে জব্দ করার চেষ্টা চলছে। সে কারণে সড়কের পাশের সিসিটিভ ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তবে এখন পর্যন্ত ঘাতক বাস এবং তার চালককে আটক করা যায়নি।