হকিতে তিন মাসের জন্য ডাচ কোচ আনার পরিকল্পনা

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৯:০৭

প্রথমবার দেশের হকি বড় আসরে খেলতে যাবে। অনূর্ধ্ব-২১ হকি, জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর হকি ফেডারেশন ঠিক সেভাবে প্রস্তুতি বা পরিকল্পনা গ্রহণ করতে পারছিল না। অর্থসংকট একটা বড় ফ্যাক্টর। তারপরও একটা পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আগামী ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর তামিলনাডুতে অনুষ্ঠিত হবে হকি অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ। বাংলাদেশ কঠিন 'এফ' গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ ফ্রান্স, অস্ট্রেলিয়া, কোরিয়া। ভারতের দুটি শহরে খেলা হবে। বাংলাদেশ, স্বাগতিক ভারতসহ তিনটি গ্রুপের খেলা হবে তামিল নাড়ুতে।

এসব দলকে মোকাবিলা করার জন্য ইউরোপীয়ান কোচ আনার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে নেদারল্যান্ডসের কোচ সিগফ্রাইড আইকম্যানকে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। তিন মাসের জন্য তাকে আনা হবে। ডাচ কোচ তিন মাস কাজ করবেন। শেষ দিকে জুনিয়র বিশ্বকাপের খেলা শেষ হলে বিদায় নেবেন। এমন একটা পরিকল্পনা করে রেখেছে হকি ফেডারেশন। কোচ আগামী আগস্টে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত হলেও কাগজে-কলমে চুক্তি হয়নি। তবে কোচের সঙ্গে কথা অনেক দূর এগিয়ে রেখেছে।

গত বছর এই ডাচ কোচ আইকম্যান ওমান জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন, এখন ওমানের ক্লাব দলকে তালিম দিচ্ছেন। চুক্তি শেষ হলেই বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকতা সারবেন। এছাড়াও তিনি জাপান, পাকিস্তান দলেরও দায়িত্বে ছিলেন। পাকিস্তান দলের দায়িত্ব পালনকালীন বেতন ছাড়াই চলে যেতে হয়েছিল আইকম্যানকে। বাংলাদেশের দায়িত্ব নিলে ইউরোপীয়ান দলকে ঢাকায় এনে খেলানোর পরিকল্পনা রয়েছে। কোচ এলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

হকি ফেডারেশন মনে করে আইকম্যানের সঙ্গে ইউরোপের যোগাযোগ ভালো। তাকে দিয়ে ইউরোপীয়ান দল আনা যাবে। এজন্য বাংলাদেশ হকি ফেডারেশন ইউরোপে আমন্ত্রণপত্র পাঠাবে। এর বাইরে এশিয়ার শক্তিশালী দলের বিপক্ষেও খেলার পরিকল্পনা করা হয়েছে।

হকি ফেডারেশন এশিয়ার চারটি দেশকে আমন্ত্রণ পাঠানো। তারা ঢাকায় এসে খেলবে কি না। বিশেষ করে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সিরিজ হকি খেলতে চায়। আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে খেলবে। সব রকম আতিথেয়তা দেবে। হকি ফেডারেশন আগ্রহী পাকিস্তানে দল পাঠাতে। পালটা সফরে পাকিস্তানও আসবে।

সবকিছু নির্ভর করছে কোচ চূড়ান্ত হওয়ার পর। কোচ আইকম্যানের সঙ্গে কথা হচ্ছে ফেডারেশনের। ঢাকায় বিদেশি দল এনে খেলানো, এবং বিদেশে গিয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলানোর পরিকল্পনা সবই চূড়ান্ত, অপেক্ষা শুধু কোচের। বিশ্বকাপ জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকিতে ভালো পারফরম্যান্স করতে পারলে র‍্যাংকিংয়ে প্রবেশ করবে বাংলাদেশ। জুনিয়র বিশ্বকাপ হকিতে ৬ গ্রুপে ২৪ দল খেলবে।

'এ' গ্রুপে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আয়ারল্যান্ড। 'বি' গ্রুপে ভারত, পাকিস্তান, চিলি, সুইজারল্যান্ড। 'সি' গ্রুপে আর্জেন্টিনা, জাপান, নিউজিল্যান্ড, চীন। 'ডি' গ্রুপে স্পেন, বেলজিয়াম, মিশর, নামিবিয়া। 'ই' গ্রুপে নেদারল্যান্ডস, মালয়েশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া। 'এ' গ্রুপে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কোরিয়া এবং বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ