শহীদ জিহাদ স্মরণে কাজলায় সভা

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২:৫০

জুলাই আন্দোলনের শহীদ জিহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কাজলা, যাত্রাবাড়ীতে। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে শহীদ জিহাদ স্মরণ সংঘের উদ্যোগে কাজলা বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৯ জুলাই একই স্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা জিহাদ।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মুহাম্মাদ উল্লাহ মধু এবং সঞ্চালনায় ছিলেন রিয়াদ হোসেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদ (কবি নজরুল কলেজ) এর সাবেক সভাপতি জাহিদুল সুমন, সহসভাপতি নাহিদ হাসান এবং বিএনপিপন্থী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আলম ইভান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিহাদের প্রতিবেশী আহম্মদ উল্লাহ মুন্না, পিয়াস মাহমুদ, বাপ্পী ইসলাম, মো. সবুজ, সহযোদ্ধা আনোয়ার ইব্রাহিম, নাইম হামিদ পৃথুসহ তার সহপাঠী ও আন্দোলনসাথীরা।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ মধু শহীদ জিহাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই মাসের গণআন্দোলনে শহীদদের হত্যাকারীদের বিচার দাবি করেন। তিনি বলেন, “শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত এই অন্তর্বর্তী সরকার তাদের স্মরণে কিছুই করছে না। বরং ‘জুলাই সনদ’ প্রকাশ ও খুনিদের বিচারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।”

সভা শেষে শহীদ জিহাদসহ জুলাই আন্দোলনের সকল শহীদের জন্য দোয়া করা হয়।

ইত্তেফাক/এএম