ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষক, ময়মনসিংহের নান্দাইলে ছাত্রীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। প্রতিনিধি ও সংবাদদাতদের পাঠানো খবর:
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : সড়ক দুর্ঘটনায় নিহত ওই শিক্ষকের নাম শহিদুল আলম (৫২)। তিনি উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া গ্রামের মোহন মিয়ার ছেলে এবং জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জানা যায়, শহিদুল আলম স্কুলে যাওয়ার উদ্দেশে লক্ষ্মীপুর নামক পাহাড়ি এলাকায় তার মোটর সাইকেল নিয়ে উঠছিলেন। এসময় অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছনদিকে গড়িয়ে এসে শহিদুল আলমের মোটর সাইকেল চাপা দেয়। গুরুতর আহত শহিদুলকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নান্দাইল (ময়মনসিংহ) : রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মাফিয়া আক্তার পরীক্ষা দিয়ে অটোরিকশা করে বাড়ি ফিরছিল। এসময় বিপরীতমুখী একটি টমটমের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে সে টমটমের নিচে চাপা পড়ে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা এলাকার আসাদ মিয়ার মেয়ে মাফিয়া নান্দাইলের রসুলপুর পশ্চিম এলাকায় তারা নানা বাড়ি থেকে লেখাপড়া করত।
উ?লিপুর (কু?ড়িগ্রাম): ব্যাটারিচালিত একটি অটোরিকশা উলিপুর-থেতরাই সড়কের মিঠিপুর বাজারের কাছে মজিদা বেগমকে (৫০) ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মজিদা বেগম উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের হাফেজ মন্ডলের স্ত্রী।
পত্নীতলা (নওগাঁ) : উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পেজাপাড়া মোড় এলাকায় পিকআপের ধাক্কায় মোকলেছুর (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার ঝলকাহার গ্রামের মৃত রিয়ার উদ্দীনের ছেলে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : গতকাল দুপুরে উপজেলার ঈশ্বরগঞ্জ-দেওয়ানগঞ্জ রোডের মাঝিয়াকান্দিতে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।
শ্যামনগর (সাতক্ষীরা) : বালুভর্তি ট্রলি উল্টে চালক শফিকুল ইসলাম মহাজন (৩০) মারা যান। রমজাননগর ইউনিয়নে পাতড়াখোলা গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে রশিদ মহাজনের ছেলে। এসময় তার সহযোগী মুজাহিদ গুরুতর আহত হন।
