এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ড ৮ জন পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শিক্ষার্থীদের দিয়ে ওএমআর শিট বা বৃত্ত পূরণ করানোর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়।
রোববার (২০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে বলা হয়, পরীক্ষকের দায়িত্বে থেকে খাতার গোপন অংশ শিক্ষার্থী বা অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করানো শাস্তিযোগ্য অপরাধ। এতে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন— মধুছন্দা লিপি (বারৈচা কলেজ, নরসিংদী) — বাংলা ১ম পত্র, মো. জাকির হোসাইন (হাজী ইউনুছ আলী কলেজ, সাভার) — বাংলা ২য় পত্র, মো. রাকিবুল হাসান (আনসার ভিডিপি কলেজ, গাজীপুর) — বাংলা ২য় পত্র, মুরছানা আক্তার (রোকেয়া আহসান কলেজ, ডেমরা) — ইংরেজি ২য় পত্র, আবু বকর সিদ্দিক (মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ) — গণিত, সমীরময় মন্ডল (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী) — গণিত, মো. সাখাওয়াত হোসাইন আকন (যাত্রাবাড়ী আইডিয়াল কলেজ) — ইসলাম শিক্ষা, মহসীন আলামীন (সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ) — উচ্চতর গণিত।
তাদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, ইউএনও, শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।
বোর্ড জানিয়েছে, খাতা মূল্যায়নের দায়িত্ব অত্যন্ত গোপনীয় এবং এ বিষয়ে কোনো অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। শিক্ষা বোর্ড সূত্র বলছে, এ ঘটনায় কেন্দ্রীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করার কথাও বিবেচনায় রয়েছে।
