কক্সবাজারের মহেশখালীর উপদ্বীপ সোনাদিয়াকে আন্তর্জাতিকমানের ইকোট্যুরিজম পার্ক পর্যটন গন্তব্য করার লক্ষ্যে বৃক্ষ রোপণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ অর্থনীতি কর্তৃপক্ষ (বেজা)’র আয়োজনে ও সিটি ব্যাংকের সহযোগিতায় শুরু হওয়া বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এসময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরুয়াসু ইজুমি, বেজার চেয়ারম্যান প্রবন চৌধুরী, সাংসদ আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, ওসি প্রভাষ চন্দ্র ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানান, সোনাদিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ন রেখে সংরক্ষিত বনকে আরোও প্রসারিত করে শুধুমাত্র ৩০০ একর জায়গা জুড়ে ইকোট্যুরিজম পার্কটিকে গড়ে তোলা হবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, সোনাদিয়ায় ইকোট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করতে বেজা ইতিমধ্যে মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান ভারতের মাহিন্দ্রা কনসালটেন্টকে নিয়োগ দিয়েছে। দ্বীপে বসবাসরত ৩১৫টি পরিবারের পুনর্বাসনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
