রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী তানভীর আহমেদের লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত তানভীরের এক স্বজন আহত হন।
তানভীর আহমেদ (১৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগরভাতগ্রাম এলাকার বাসিন্দা এবং রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। সোমবার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তানভীরের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মির্জাপুর নেওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা এক স্বজন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও নিকটস্থ সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং অন্য একটি অ্যাম্বুলেন্সে তানভীরের মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম বলেন, তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্সটি মৌচাকে এসে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় দ্রুত মরদেহ অন্য গাড়িতে পাঠানো হয়েছে।
তানভীরের মৃত্যু এবং তার স্বজনের এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাইলস্টোন ট্রাজেডি: পাইলট হওয়া হলোনা তানভীরের