পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

আপডেট : ২২ জুলাই ২০২৫, ২১:৩৬

যশোরে মুরগি বিক্রির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত নির্মল কুমার ও তার স্ত্রী সরস্বতী বিশ্বাসকে আটক করে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমারের (৪৫) কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। মঙ্গলবার সকালে মুরগি বিক্রির বকেয়া টাকা চাইতে নির্মলের বাড়িতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে নির্মল ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারধর করেন। এতে আবু বক্কর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও আবু বক্করের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এএইচপি