চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধে ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে আইয়ুব আলীর ছেলে ওমর ফারুক হত্যা পিতা-পুত্রসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো একই এলাকার মৃত কফিল উদ্দিন মিস্ত্রিরীর ছেলে শাহজামাল নয়ন (৬২), শাহজামাল নয়নের ছেলে রেজাউল করিম (৩৪), মৃত মিয়া হোসেনের ছেলে আজাহার (৫৭) ও রুহুল বক্সের ছেলে সুলতান (৫২)। আসামিদের মাঝে পিতা শাহজামাল নয়ন ও পুত্র রেজাউল করিম পলাতক রয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, ২০০৭ সালের ৩০ মে সকালে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে আইয়ুব আলীর ছেলে ওমর ফারুককে লাঠি, লাঙ্গলের হাতল দিয়ে আঘাত করে আসামিরা। প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে পর দিন সে মারা যায়।
