জেরুজালেমে ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী জেরুজালেমের সুরে বাহের শহরের ওয়াদি হুম্মাস এলাকায় ফিলিস্তিনিদের কয়েক ডজন বাড়ি-ঘর গুঁড়িয়ে দিয়েছে। বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে। জাতিসংঘ, জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ), ওআইসি সম্মেলন এবং সিএফএম-এর রেজুলেশনগুলোর প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন রয়েছে। ইসরায়েলের এই ধরনের কার্যক্রম স্পষ্টভাবে জাতিসংঘের রেজুলেশন ২৪২ এবং ৩৩৮ এর পুরোপুরি লঙ্ঘন।
বাংলাদেশ এই ঘটনায় ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ ওআইসি মহাসচিবের সাম্প্রতিক বিবৃতির প্রতি সংহতি প্রকাশ করছে। যে বিবৃতিতে ইসরায়েলের এক ধরনের কর্মকাণ্ড বন্ধে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
