ভাষা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করল বাংলাদেশ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৯:৫৮

ইংরেজি ভাষায় দক্ষতা শুধু যোগাযোগ নয়, বরং আত্মবিশ্বাস ও পেশাগত অগ্রগতির অন্যতম চাবিকাঠি। এই চাহিদা পূরণে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ইংরেজি শেখার অ্যাপ ‘ELSA Speak’ (এলসা স্পিক)।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকার ওয়েস্টিন হোটেলে এক বিশেষ আয়োজনে অ্যাপটির বাংলাদেশে যাত্রা উদ্‌যাপন করা হয়। এতে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ, শিক্ষাবিদ, কর্পোরেট ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এলসা স্পিক অ্যাপটি বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে এবং ৮ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ২০১৫ সালে অ্যাপটির যাত্রা শুরু হয়। এটি এমন একটি AI-চালিত ইংরেজি শেখার প্ল্যাটফর্ম, যা ব্যক্তির উচ্চারণ ও কথার ছন্দ বুঝে তাৎক্ষণিক ফিডব্যাক দেয় এবং ব্যাক্তিভিত্তিক শেখার পরিকল্পনা সাজায়।

বাংলাদেশে অ্যাপটি নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় এড-টেক প্রতিষ্ঠান ব্যাকবন লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০১৩ সাল থেকে দেশে ও বিদেশে শিক্ষা প্রযুক্তি খাতে কার্যক্রম চালিয়ে আসছে এবং বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউএসআইডি, এডিবি ও জেআইসিএ-এর মতো সংস্থার সঙ্গে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভুঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

এলসা Corporation-এর রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস বলেন, এলসা স্পিক ব্যবহারকারীর দুর্বলতা বিশ্লেষণ করে AI-ভিত্তিক পারসোনালাইজড শেখার অভিজ্ঞতা দেয়। এটি শুধু শেখার উপায় নয়, বরং আত্মবিশ্বাস গড়ার প্ল্যাটফর্ম।

ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান আবদুল মতিন শেখ মাহিন বলেন, আমরা চাই দেশের তরুণ প্রজন্ম আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা অর্জন করুক। এলসা এই লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সফল ব্যবহারকারী ইমরান হোসেন জানান, এলসা স্পিক ব্যবহার করে তার উচ্চারণ ও IELTS স্কোর (৭.৫) উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। পাশাপাশি এক ইংরেজি শিক্ষক তার অভিজ্ঞতায় জানান, অ্যাপটি তার শিক্ষাদান দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে।

বাংলাদেশে এলসা-এর সাবস্ক্রিপশন সহজ করতে বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল পেমেন্ট সুবিধা যুক্ত করা হয়েছে। অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে, পাশাপাশি www.এলসাspeak.com ওয়েবসাইট থেকেও ব্যবহার করা যাবে।

এটি শুধু একটি অ্যাপ নয়, বরং দেশের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও পেশাগত সাফল্যে একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি।

ইত্তেফাক/এএইচপি