রেসে নেমে দুর্ঘটনার শিকার অভিক আনোয়ার

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫:১৯

বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় খেলা রেসিং। তবে বাংলাদেশে খুব একটা পরিচিত না। কিন্তু গত কয়েক বছর ধরে রেসার অভিক আনোয়ারের হাত ধরে সেই রেসিংয়েও বাংলাদেশের পতাকা উড়ছে। দেশকে বহুবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে দিয়েছেন তিনি। সেই অভিক কার রেসিংয়ে নেমে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন।

শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিক আনোয়ারের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পেজের অ্যাডমিনের বরাত দিয়ে বলা হয়েছে, 'সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে। এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে প্রার্থনায় রাখুন।' 

এর আগে আজ সকালের দিকে এক পোস্টে তিনি লিখেছিলেন, 'গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করবো!'

ইত্তেফাক/জেডএইচ