তথ্য ফাঁসে ফেসবুকের ৫০০ কোটি ডলার জরিমানা

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:৪৬

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগের নিষ্পত্তি করতে ফেসবুক ৫০০ কোটি ডলার জরিমানা দেবে। এছাড়া ফেসবুককে একটি স্বাধীন ‘প্রাইভেসি কমিটি’ গঠন করতে বলা হয়েছে। এই কমিটির ওপর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কোনো খবরদারি করতে পারবেন না। খবর বিবিসির

যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘ক্যামব্রিজ অ্যানালিটিকা’ ফেসবুকের প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে বলে যে অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন সেটির তদন্ত করছিল। এরপর অবশ্য এই তদন্তের পরিধি আরো বাড়ানো হয়। ভোক্তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার জন্য কোনো কোম্পানিকে এর আগে কখনো এত বড়ো অঙ্কের জরিমানা করার নজির আর নেই। এফটিসির চেয়ারম্যান জো সিমন্স বলেছেন, কোটি কোটি ব্যবহারকারীকে ফেসবুক বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ব্যক্তিগত তথ্য কীভাবে শেয়ার করা হবে সেই বিষয়টা তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু তারা এই অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার এই সংগ্রহ করা তথ্য ২০১৬ সালের মার্কিন নির্বাচনে এবং ব্রিটেনের ব্রেক্সিট গণভোটে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে।