তদন্তে ট্রাম্পকে নির্দোষ ঘোষণা করা হয়নি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:৪৭

যুক্তরাষ্ট্রের সাবেক স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দোষ ঘোষণা করা হয়নি। মার্কিন বিচার বিভাগের নীতির কারণেই একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করায় বাধা আছে। কংগ্রেসের শুনানিতে দেওয়া সাক্ষ্যে মুলার এ কথা বলেন। তদন্ত রিপোর্ট প্রকাশের পর এই প্রথম প্রকাশ্যে কথা বললেন মুলার। যদিও রিপোর্ট প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি নির্দোষ। তদন্ত কাজেও তিনি হস্তক্ষেপ করেননি। তার এ সাক্ষ্য নিয়ে বিরোধী ডেমোক্র্যাটরা নতুন করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলার বলেছেন, প্রেসিডেন্টসহ কেউই আইনের ঊর্ধ্বে নয়। -রয়টার্স