রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলায় বাদীর সাক্ষ্য শেষ হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যর জন্য দিন ধার্য করা হয়েছে্। গতকাল মঙ্গলবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বাদীর সাক্ষ্য শেষে পরবর্তী সাক্ষির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আদালতে মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক রিপন কুমার দাসকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। সকল আসামির পক্ষে তাকে জেরা করা শেষ হয়। এদিন বেলা ১২টায় মামলার কার্যক্রম শুরু হয়। এর আগেই কারাগারে থাকা ছয় আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগরকে এজলাসে হাজির করা হয়।
আগের দিন সোমবার মামলার বাদী আদালতে জবানবন্দি দেওয়ার পর তাকে জেরা শুরু করে আসামি পক্ষের আইনজীবীরা। গত ২৬ নভেম্বর মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চার্জ গঠন করা হয়। এর আগে ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির চার্জশিট দাখিল করেন।
