ঢাকার বাতাসের মান পর্যবেক্ষণে টুইটারে অ্যাকাউন্ট খুলেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। বাতাসের মান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিজ্ঞান দূত ড. জেমস জে. শওয়ারের সফর উপলক্ষে এই অ্যাকাউন্ট খুলা হয়। ওই অ্যাকাউন্টে ঠিকানা হচ্ছে @Dhaka_Air। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতাসের মান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সর্বত্র প্রতিটি মানুষের ওপর প্রভাব ফেলে। এটি মানুষের স্বাস্থ্যের প্রতি এক বিশাল ও ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি। অর্থনীতির ওপরও এটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আরো বলা হয়, বাতাসের মান ভালো রাখার জন্য সমাধান উদ্ভাবনের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আমাদের চারপাশের বাতাসের মান উন্নত করতে দরকার নির্ভুল তথ্য নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বাতাসের মান পর্যবেক্ষণের যন্ত্র স্থাপন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে এখানে বাতাসের মান পর্যবেক্ষণের যন্ত্র চালু রেখেছে। এর মাধ্যমে বাতাসের মান সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়ে আসছে, যা সবার কাছে সহজলভ্য। এ সংক্রান্ত তথ্য-উপাত্ত ইপিএর ওয়েবসাইট AirNow.gov যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট এবং এখন থেকে টুইটার @Dhaka_Air এ পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি বাণিজ্যিক স্মার্টফোন অ্যাপেও এ তথ্য ব্যবহার করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
