ড. কামালের সঙ্গে ইইউ ও এনডিআই প্রতিনিধিদের বৈঠক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। রাজধানীর গুলশানে একটি  হোটেলে সকাল সাড়ে ৮টা থেকে দেড় ঘণ্টার বেশি সময় এই বৈঠক হয়। একইস্থানে পরে ড. কামালের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

এনডিআইর সঙ্গে বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন ও নির্বাচনের পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের কেমন পরিবেশ আছে তা তারা জানতে চেয়েছেন। আমরা আমাদের কথা বলেছি, তথ্য-উপাত্ত দিয়েছি।’

এনডিআইর পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র অ্যাসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার    এম মানিকাস, বোর্ড মেম্বার ও সাউথ এশিয়ার সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিক ইন্ডার ফার্দ, ম্যানেজার ফর গ্লোবাল ইলেকশন মাইকেল ম্যাগনালটি, এশিয়া রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার এডাম নেলসন ও যুক্তরাষ্ট্রের নাগরিক ফারানাজ ইস্পাহানী।