মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার দাবিতে ঈশ্বরদীতে হরতালের ডাক

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৬:৩১

ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকাণ্ডে জড়িত আসামি গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে আগামী ২৯ জুলাই সোমবার ঈশ্বরদীতে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে।

বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা-জনতা আহুত ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনালে অনুষ্ঠিত জনসভা হতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সেলিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গঠিত ‘মুক্তিযোদ্ধা-জনতা’ স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু , স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা চান্না, ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, সিপিবির জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, জাসদ নেতা জাহাঙ্গির হোসেন, মুক্তিযোদ্ধা  সিরাজ উদ্দিন বিশ্বাস,  মুক্তিযোদ্ধা সেলিমের বোন নাজনীন মাহমুদ ঝরা, কৃষক নেতা মুরাদ মালিথা, পাকশীর আওয়ামী লীগ নেতা জহুরুল মালিথা প্রমূখ।

আরও পড়ুন: সারাদেশে মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু আজ

সভায় বক্তারা বলেন, সেলিম হত্যার ছয় মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত প্রকৃত আসামি ও হুকুম দাতা গ্রেফতার করা হয়নি। বিচারের জন্য এখনো চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত হয়নি। অবিলম্বে প্রকৃত আসামি গ্রেফতার করে বিচারের কাঁঠগড়ায় দাঁড় করানো না হলে পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে ঈশ্বরদী অচল করে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক নয়টার দিকে মুক্তিযোদ্ধা ও পাকশীর আওয়ামী লীগ নেতা সেলিম মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে প্রবেশের সময় আততায়িদের গুলিতে আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

ইত্তেফাক/এমআরএম