মৌলভীবাজারের বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৮ জুলাই) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
বিজিবির তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং ছয়জন শিশু রয়েছে। তারা সবাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
বিজিবি জানায়, বড়লেখার লাতু বিওপির আওতাধীন করমপুর সীমান্ত দিয়ে তারা রাতের আঁধারে প্রবেশ করে এবং সকালে পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছিল। বিজিবি টহল দল তাদের দেখে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত রোহিঙ্গারা পাঁচ বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল কাজের উদ্দেশ্যে। পরে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
