জুলাই আমাদের ঐক্যের প্রতীক: হাসান আহমেদ চৌধুরী কিরণ

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২১:২১

জুলাই কেবল একটি মাস নয়, এটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, তারুণ্যের অহংকার এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বাঙালির অভ্যুত্থানের ইতিহাস। এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বুধবার (৩১ জুলাই ২০২৫) হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের শহীদরা জাতীয় বীর। তারা বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তারা ভাষা আন্দোলনের শহীদদের চেয়েও বেশি রক্ত দিয়েছেন। এমন নৃশংস গুলিবর্ষণ ও গণহত্যা বাংলাদেশের ইতিহাসে আর কখনও দেখা যায়নি। আহতদের চিকিৎসা, নিহতদের দাফন— সব কিছুতেই বাধা সৃষ্টি করেছিল তৎকালীন সরকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা আক্তার। এতে আরও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মুনসী হুমায়ুন কবির, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শাহানা বেগমসহ অনেকে।

চেয়ারম্যান কিরণ তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক বাস্তবতাকেও তুলে ধরেন। তিনি বলেন,আওয়ামী সরকারের ১৫ বছরের শাসনামলে গুম, খুন, নিপীড়নের বিচার করতে হবে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এসব অপরাধের তদন্ত ও বিচার প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ছিল ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। এতে অংশ নিয়েছিল শ্রমিক, রিকশাচালক, ছাত্র ও সর্বসাধারণ। তরুণদের ঐক্যবদ্ধ নেতৃত্বই এই আন্দোলনকে সফল করে তোলে। সেই ঐক্যের শক্তিকে আরও জোরদার করতে হবে।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, রাজনীতিতে আদর্শগত মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন বিভেদে রূপ না নেয়। দেশকে বাঁচাতে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, গ্রাফিতি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইত্তেফাক/এএইচপি