১৬ ঘণ্টা বিদ্যুৎহীন হবিগঞ্জ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৮:৪৩

সুইচিং স্টেশনের কারেন্ট ট্রান্সফর্মার (সিটি) ও ব্রেকারে আগুন লাগায় টানা প্রায় ১৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল হবিগঞ্জ জেলা। বৃহস্পতিবার রাত ৭টার দিকে শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ কেভি সুইচিং স্টেশনের কারেন্ট ট্রান্সফর্মার (সিটি) ও ব্রেকারে আগুন লাগায় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মকর্তা মিজান জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। পরে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর পর থেকেই হবিগঞ্জ পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ বিভাগ রাতভর মেরামতের কাজ চালিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও শ্রীমঙ্গল সমিতির মাধ্যমে জেলার কিছু এলাকায় সীমিতভাবে বিদ্যুৎ সরবরাহ হয়।

হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ বলেন, শাহজীবাজার সুইচিং স্টেশন থেকে দুটি লাইনের মাধ্যমে হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আগুনে একটি লাইনের সিটি ও ব্রেকার পুড়ে যাওয়ায় শুধু একটি লাইনে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ফলে শহরে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে নতুন ব্রেকার এনে স্থাপনের কাজ চলছে। কাজ শেষ হলে রাতেই পুরোদমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

ইত্তেফাক/এএইচপি