উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’।
শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মিলনমেলায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কাজী তারেক উল্লাহ। শুভেচ্ছা বক্তব্যে বিজনেস স্কুলের ডিন ড. ইসরাত হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন অ্যালামনাইদের স্বাগত জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। তিনি তার বক্তব্যে বলেন, অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ একটি প্রতিষ্ঠানের উন্নয়নের চালিকাশক্তি। তারা বিশ্ববিদ্যালয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, যিনি তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্যে অ্যালামনাইদের ভবিষ্যত নেতৃত্বের ভূমিকায় উদ্বুদ্ধ করেন। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর হেড অব মার্কেটিং মোহাম্মদ আহ্বির আজাদ।
