সাভারে গণপিটুনিতে নারী হত্যা, কলেজছাত্র গ্রেফতার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:০২

সাভারে বাসা ভাড়া নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে এক নারীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাব্বির হোসেন শাওন (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিনধরা বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাব্বির হরিনধরা বাগবাড়ি এলাকার খোরশেদ আলমের ছেলে এবং সে স্থানীয় তেঁতুলঝোড়া কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমারৎ হোসেন বলেন, ছেলেধরা গুজবে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রথমে সংগৃহীত ভিডিও ফুটেজ দেখে ওই কলেজছাত্রকে চিহ্নিত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় বাকিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির গণপিটুনিতে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রান্না করা মাংসের হাড়ে ইয়াবা, গ্রেফতার ১

উল্লেখ্য, গত শনিবার সকালে সালমা আক্তার নামে এক নারী সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বাসা ভাড়া নিতে গেলে ছেলেধরা অপবাদ দিয়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা। এ ঘটনায় অজ্ঞাতনামা আটশজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/অনি