ওয়ালটন কম্পিউটারে বিশেষ সুবিধা পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:২০

বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)-এর সঙ্গে করপোরেট চুক্তি করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চুক্তি অনুযায়ী, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ওয়ালটন কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য এক্সেসরিজ ক্রয়ে ১৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। থাকছে ডিসকাউন্টসহ ইএমআই সুবিধাও। গতকাল বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে ঐ চুক্তি সম্পাদিত হয়। ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এবং ডাব্লিউইউবি-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মীর ওয়াহিদুন নবী এবং ডব্লিউইউবি-এর রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম মোল্লাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে গাজীপুরের চন্দ্রায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ-সমৃদ্ধ কারখানায় ওয়ালটন কম্পিউটার ও ল্যাপটপ তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা যাতে প্রযুক্তিগত শিক্ষা লাভ করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে, সে জন্য ওয়ালটন কম্পিউটার, ল্যাপটপ ও বিভিন্ন এক্সেসরিজ ক্রয়ে তাদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, ডব্লিউইউবি-এর শিক্ষার্থীরা ওয়ালটনে ইন্টার্নশিপ করতে পারবেন বলেও জানানো হয়।