কালো মেঘের ভেলা

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৪৩

শিশুতোষ চলচ্চিত্রের সংখ্যা প্রতিনিয়ত কমছেই। বছরের ৭ মাস পেরিয়ে গেলেও ছবির দেখা নেই। তবে আজই প্রথম শিশুতোষ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির নাম ‘কালো মেঘের ভেলা’। আজ স্টার সিনেপেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি।

কবি নির্মলেন্দু গুণের লেখা সরকারি অনুদানে নির্মিত এই শিশুতোষ চলচ্চিত্রটি। এটি মৃত্তিকা গুণের প্রথম চলচ্চিত্র নির্মাণ। গল্পের কেন্দ্রীয় চরিত্র মা এবং তাঁর ছোট ছেলে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এবং ছেলের চরিত্রে অভিনয় করেছে পিদিম থিয়েটারের আপন।

ছবিতে দেখা যাবে, দুখু নামের এক বালকের জীবনচিত্র। টোকাই দুখু স্টেশনে থাকে। বয়স ৯-১০ বছর। ট্রেনের যাত্রীদের মালামাল বহন করে তার জীবন চলে। কিন্তু এক যাত্রী ব্রিফকেস ও একটি বস্তা নিয়ে দুখুকে ডাকলে সে শুধু যাত্রীর ব্রিফকেসটিই বহন করে সামনে এগিয়ে চলে। স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া এই ছবিটি এরইমধ্যে কয়েকটি চলচ্চিত্র উত্সবে দেখানো হয়েছে। ছবির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কবি নির্মলেন্দু গুণের গ্রাম বারহাট্টায়। এছাড়া কমলাপুর, পূবাইল ও তেজগাঁও বস্তিতে ছবিটির শুটিং করা হয়।