বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে মোংলা থানা পুলিশ আটক ভারতীয় জেলেদেরকে বাগেরহাটের আমলী আদালত-০৬ এ উপস্থাপন করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় এফ.বি. পারমিতা নামের একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ এই ১৪ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিলেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে। এরপর নৌবাহিনীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আহরণ আইন, ২০২০ এর ২৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এর মাত্র কয়েকদিন আগে গত ১৪ জুলাই বাংলাদেশের জলসীমা থেকে আরও দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
