ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৭:৩৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খান নিযুক্ত হয়েছেন। (৩ আগস্ট) রোববার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্যাংকিং অঙ্গনে চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন ওমর ফারুক খান এর আগেও এনআরবি ব্যাংক পিএলসি’র ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ সালে তিনি ইসলামী ব্যাংকে যোগদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পেশাগত জীবন শুরু করেন তিনি।

পেশাগত জীবনে তিনি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেজারি, ফরেন ট্রেড, করপোরেট ইনভেস্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন জোন, লোকাল অফিস ও শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (IBB) এর একজন ডিপ্লোমড অ্যাসোসিয়েট এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (CDCS) ডিগ্রিধারী। এই ডিগ্রি প্রদান করে দ্য লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, যা আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (ICC) অনুমোদিত।

ব্যাংকিং ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ে তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, মালয়েশিয়া, কাতার, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নেপালসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

ইত্তেফাক/এএইচপি