মুজিব পরিবারের ‘অবৈধ সম্পত্তি’ বাজেয়াপ্তের দাবি ডিএফডি চেয়ারম্যানের

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৯:০০

মুজিব পরিবারের ‘অবৈধ সম্পত্তি’ বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর দক্ষিণখানে মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহিদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহিদদের রক্ত বৃথা যাবে না। জুলাই-আগস্টে যাঁরা হত্যাকাণ্ডে জড়িত, তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে সামাজিক ও আর্থিক সুরক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে তা শহিদ পরিবারগুলোর মাঝে বণ্টন করলে ন্যায়বিচার নিশ্চিত হবে।

শহিদ গোলাম নাফিজের বাবা গোলাম রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান মামলা দ্রুত বিচার নিশ্চিত করা হোক। শহিদ পরিবারদের নিয়ে গঠিত সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সহায়তা দিতে হবে।

এর আগে শহিদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ডিএফডি চেয়ারম্যান ও দেশের বিভিন্ন কলেজের বিতার্কিকরা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

শ্রদ্ধা নিবেদন করেন নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এএইচপি