সামাজিক যোগাযোগমাধ্যমে এর ব্যবহারকারীরা যখন ভিন্ন ভিন্ন ফিল্টারে সেলফি কিংবা বিদেশ সফরের ছবি দেওয়ায় ব্যস্ত, ক্রীড়াজগতের রথী-মহারথীরা একই যাত্রায় বিভিন্ন পণ্য কিংবা প্রতিষ্ঠানের প্রচারণা করে কামিয়ে নিচ্ছেন লাখ লাখ ডলার!
সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে, ইনস্টাগ্রামে প্রতি প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক্ষেত্রে পিছিয়ে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তিনি আছেন তৃতীয় স্থানে। এই তালিকায় সেরা দশে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
হপার এইচকিউ নামক এক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান এই প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি পোস্টের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে প্রায় ৯ লাখ ৭৫ হাজার ডলার পেয়ে থাকেন রোনালদো, যা ইনস্টাগ্রাম থেকে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি আয়।
সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সবচেয়ে বেশি অনুসরণ করা খেলোয়াড়ও তিনিই। তবে সব মিলিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন রোনালদো। তার সামনে আছেন কেবল আমেরিকান টিভি ব্যক্তিত্ব কাইলি জেনার ও সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে।
খেলোয়াড়দের তালিকায় পর্তুগিজ অধিনায়কের পরের অবস্থানটি পিএসজি তারকা নেইমারের। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৭ লঅখ ২০ হাজার ডলার পান নেইমার। প্রতিটি প্রচারণামূলক পোস্টের জন্য সাড়ে ৬ লাখ ডলার আয় করে তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
শীর্ষদশে থাকা একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি প্রতিটি পোস্টের জন্য ১ লাখ ৯৬ হাজার ডলার আয় করে তালিকার নবম স্থানে অবস্থান করছেন। এছাড়া এই তালিকায় অন্য খেলোয়াড়রা হলেন ডেভিড বেকহ্যাম, জ্লাতান ইব্রাহিমোভিচ, রোনালদিনহো, গ্যারেথ বেল, লুই সুয়ারেজ এবং আমেরিকান বাস্কেটবল তারকা লেবরন জেমস।
