সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গু রোগের মোকাবিলা সম্ভব। গতকাল সেনানিবাসস্থ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ঢাকা সেনানিবাস এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু রোগ যাতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে না পারে সে জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রয়োজনীয় প্রতিরোধমূলক সচেতনতা তৈরির লক্ষ্যে এবং ঢাকা সেনানিবাস ও আশেপাশের এলাকায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীতে ডেঙ্গুর বিস্তার রোধে অনেক আগে থেকেই বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে আজিজ আহমেদ বলেন, সবাইকে সচেতন করার পাশাপাশি অফিস-আদালত ও বাসস্থানসমূহের আঙ্গিনা ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এছাড়া সঠিক পদ্ধতিতে ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত ড্রেন পরিষ্কারকরণ সঠিক পদ্ধতিতে ময়লা-আবর্জনা অপসারণ এবং সব সময় মশারি ব্যবহারের নির্দেশনা দেওয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সেনাবাহিনীতে এই রোগ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ডেঙ্গু নির্মূল অভিযান- এ সেনাবাহিনী প্রধান সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং সেনানিবাসের অন্তর্ভুক্ত সকল স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ডেঙ্গু নির্মূল অভিযানে অংশগ্রহণ করেন।
