সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত্

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের  রাষ্ট্রদূত  আর্ল মিলার গতকাল বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের  সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করেছেন। এ সময় তারা উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে এভিয়েশন সেক্টরে বিশেষ করে ফ্লাইট সেফটি ও কার্গো পরিবহনে উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে বিবিধ বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাত্কালে আরো জানানো হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণসহ কক্সবাজার সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ কাজ, যাত্রীসুবিধা বৃদ্ধি ও মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু করার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় মার্কিন দূতাবাস ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।