রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় পরিষদের সামনের সড়কে দুই পাশে শহরের বিভিন্ন স্কুল-মাদ্রাসার সহস্রাধিক ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম ও প্রেসক্লাব সভাপতি শংকর মজুমদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ছেলেধরা গুজবে দেশের বিভিন্ন স্থানে মানসিক প্রতিবন্ধী ও নিরীহ সহজ-সরল মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। রবিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে রেনুকে দাফন করা হয়েছে।
