শুল্ক বাড়িয়ে নিজেরই ক্ষতি ডেকেছে যুক্তরাষ্ট্র, বলছে ভারতের এসবিআই

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:২৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘খারাপ ব্যবসায়িক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। তাদের মতে, এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরই।

সম্প্রতি ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যার ফলে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এসবিআই তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণ প্রতিবেদনে বলেছে, এই শুল্কনীতি যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হ্রাস করতে পারে, একইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটাবে এবং ডলারের মানেও পতন ঘটাতে পারে। এসব প্রভাব একসঙ্গে দেখা দিলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর ত্রিমুখী চাপ তৈরি হবে, যা সামাল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এই শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়বে। ফলে স্বল্পমেয়াদে একটি সাধারণ গৃহস্থ পরিবারকে গড়ে অতিরিক্ত ২ হাজার ৪০০ ডলার ব্যয় করতে হতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য এই ব্যয় ১ হাজার ৩০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। আর উচ্চ আয়ের পরিবারের জন্য এই চাপ গিয়ে দাঁড়াবে ৫ হাজার ডলারে।

এসবিআই আরও সতর্ক করে বলেছে, ট্রাম্পের এই নীতির ফলে মার্কিন জনগণকে ভারতীয় পোশাকসহ বিভিন্ন পণ্য বেশি দামে কিনতে হবে। কারণ, যুক্তরাষ্ট্রে বেশ কিছু নামকরা ব্র্যান্ডের জন্য পোশাক ও জুতা সরবরাহ করে ভারত। ফলে ভারতীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর লাভ কমার আশঙ্কা থাকলেও, সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন মার্কিন ভোক্তারাই।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ট্রাম্প বিশ্বের ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়। পরে, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করায় ভারতীয় পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।

ইত্তেফাক/টিএইচ