ভাসমান হাসপাতাল জীবনতরী স্বরূপকাঠিতে

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:২৮

ভাসমান হাসপাতাল ”জীবনতরী” এখন পিরোজপুরের স্বরূপকাঠিতে। বেসরকারি সংস্থা ইমপ্যাক্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পরিচালনাধীন ঐ হাসপাতালটি ছারছিনা দরবার শরীফ সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে নোঙর করে চিকিত্সাসেবা কার্যক্রম শুরু করেছে। হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইনামুর রহমান বাবু জানান, ভাসমান এ হাসপাতালে স্বল্পমূল্যে নাক, কান, গলা, চক্ষু রোগের চিকিত্সা ও বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন এবং হাঁড়জোড়া, হাঁড়ভাঙ্গা পঙ্গু, জন্মগত ঠোটকাটা-তালুকাটা রোগীদের চিকিত্সা ও প্লাস্টিক সার্জারিসহ অন্যান্য চিকিত্সাসেবা প্রদান করা হয়। সরকারি ছুটি ও শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিত্সাসেবা প্রদান করা হয়। ভাসমান এ হাসপাতালে জটিল রোগী আনা-নেওয়ার জন্য সার্বক্ষণিক নৌপথে স্পিড বোট ও সড়ক পথে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা রয়েছে। এ ছাড়াও এ হাসপাতালে প্রতিবন্ধিতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধাত্রী প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।