ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা শুক্রবার (৮ আগস্ট) অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। তবে আজ অনুমোদন দিলেও এই পরিকল্পনা গত ফেব্রুয়ারির শেষের দিকেই বাস্তবায়িত হতে শুরু করে।
কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেছেন, গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা ফেব্রুয়ারির শেষের দিকে, বিশেষ করে মার্চের শুরুতে বাস্তবায়িত হতে শুরু করে।
তিনি বলেন, অনেক কিছু বিষয় এর পথ তৈরি করেছিল, যার মধ্যে ছিল ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দেওয়া। এরপর তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তৈরি করে, যার নির্দিষ্ট লক্ষ্য ছিল - ফিলিস্তিনিদের সাহায্যের জন্য ঘরবাড়ি ছেড়ে হেঁটে আসতে আকৃষ্ট করা এবং তাদের সেখান থেকে বাস্তুচ্যুত করা।
অধ্যাপক বারাকাত আরও বলেন, ইসরায়েলি পরিকল্পনার 'নতুন এবং বিপজ্জনক অংশটি' হলো, পরিকল্পনাটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের ইসরায়েল সফরের পরেই ঘোষণা করা হয়।
তিনি বলেন, 'আমরা কেবল ধরে নিতে পারি যে, তিনি (উইটকফ) পরিকল্পনাটি অনুমোদন করেছেন এবং যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করছে।'
বারাকাত আরও বলেন, এটা হতে পারে, ইসরায়েল গাজায় যুদ্ধ শেষ করতে তাড়াহুড়ো করছে। কেননা অনেক দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
