ফিলিস্তিনের গাজা উপত্যকায় 'পূর্ণ দখলদারিত্ব' প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। এই পরিকল্পনা থেকে দেশটিকে অবিলম্বে সরে আসতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
শুক্রবার (৮ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে তুর্ক বলন, এমন পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সেই রায়ের পরিপন্থী, যেখানে বলা হয়েছে, ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারির অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। সম্মত দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত পাওয়া সব প্রমাণ বলছে, নতুন উত্তেজনা আরও ব্যাপকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি, আরও হত্যাযজ্ঞ, অসহনীয় কষ্ট, অযৌক্তিক ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধ ডেকে আনবে।
হামাসের হাতে থাকা বন্দীদের ‘অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি’ দেওয়ার পাশাপাশি ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক ফিলিস্তিনিদেরও মুক্তির দাবি জানান জাতিসংঘের শীর্ষস্থানীয় এই কর্মকর্তা।
তিনি বলেন, এ যুদ্ধ আরও তীব্র করার বদলে ইসরায়েলি সরকারকে গাজার বেসামরিক মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা উচিত।

