বীরগঞ্জে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৮:৫৬

দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভোররাতে মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। মানিক ওই এলাকার গোবিন্দ রায়ের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, ১৭ বছর বিবাহিত জীবনে নিঃসন্তান ছিলেন মানিক চন্দ্র রায় এবং সুবাসী রানী রায়। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায় দুজনে। শনিবার সকালে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুবাসী রাণী রায় মারা যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক চন্দ্র রায় মারা যায়।

বীরগঞ্জ থানার ওসি মো আব্দুল গফুর বলেন, এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আইএ