রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি ক্ষতিপূরণসহ ফেরত চায় মুক্তিযোদ্ধা পরিবার।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আমরা ‘বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচীতে এ দাবি জানান শহীদ আব্দুল কাদেরের নাতনি এডভোকেট নুরতাজ আরা ঐশী। এসময় শহীদ আব্দুল কাদের এর সন্তান আলহাজ মো. আব্দুর রহিম ও বস্তিবাসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচীতে নুরতাজ আরা ঐশী বলেন, আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হলেও রাষ্ট্রীয় দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও অরাজকতায় দুটি বিষয়ে ভুক্তভোগী। একটি রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজার ও আরেকটি মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প। আমাদের কলমিলতা বাজারটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় পরস্পর যোগসাজসে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জবরদখল করে রাখে। আর মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ভূমি মন্ত্রণালয় অবৈধভাবে দখল করে রাখে। আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘদিন উল্লেখিত বিষয় দুটির সমাধান চেয়ে আইনানুগ ব্যবস্থা নেয়াসহ দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সমাধান পাইনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও এখনো বিষয় দুটির সমাধান হচ্ছে না। এমতাবস্থায় আমাদের বিষয় দুটির সমাধানের জন্য প্রধান উপদেষ্টাসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
