রামপুরায় চোর সন্দেহে পিটিয়ে শ্রমিক হত্যা

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৫৪

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় একটি গার্মেন্ট কারখানার এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করায় রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহত দেলোয়ার ওই  পোশাক কারখানার কাটিং সহকারী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সড়ক অবরোধ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়, পাশাপাশি গুলিও ছোড়া হয়। অবরোধে শ্রমিকরা ইজি গার্মেন্ট ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ ও তেজগাঁও বিভাগের এক সহকারী কমিশনার (এসি) আহত হন। বেশ কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন। এদিকে, সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা। বিকেল ৫টায় প্রায় তিন ঘণ্টা পর ওই সড়কে যানচলাচল শুরু হয়। তবে তীব্র যানজট ছিল।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বলেন, বুধবার কারখানা ছুটি হওয়ার পরও দেলোয়ার বের না হয়ে লুকিয়ে ছিলেন। মধ্যরাতে তিনি ছয় তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে বাইরে থেকে একজন তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেন। পরে দারোয়ান কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিন-চার জন সিকিউরিটি গার্ডকে নিয়ে অফিস সহকারী ইয়াসিন ষষ্ঠ তলায় গিয়ে লুকিয়ে থাকা দেলোয়ারকে খুঁজে বের করে। উপ-কমিশনার আনিসুর বলেন, দেলোয়ারকে ধরার পর বেদম পিটুনি দেওয়া হয়। গুরুতর আহত হওয়ার পরও রাতে তাকে গার্মেন্টের ভেতরেই আটকে রাখা হয়।

শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বলে জানালেও তাত্ক্ষণিকভাবে তাদের নাম বলেননি আনিসুর।

এদিকে, দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর আড়াইটার দিকে রামপুরার রাস্তায় নেমে আসে বলে জানান হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন। ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (রামপুরা) হুমায়ুন কবীর বলেন, শ্রমিকদের বিক্ষোভে রামপুরা সড়কের দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল ৫টার দিকে শ্রমিকদের তুলে দেওয়া হয়।

উপ-কমিশনার বলেন, ইজি গার্মেন্টে হামলার চেষ্টা করেছিল শ্রমিকরা। এ সময় পুলিশ অ্যাকশনে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। শ্রমিকরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ওই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।