র‍্যাগিংয়ের নামে নবীন শিক্ষার্থীকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৮:৫৪

ভারতের অন্ধ্রপ্রদেশের পালনাদু জেলার দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের নামে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ উঠেছে সিনিয়র কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। 

সূত্রের তথ্য অনুযায়ী, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্তরা সবাই কলেজের দ্বিতীয় বর্ষের অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী। তারা ওই নবীনকে একটি হোস্টেলে নিয়ে গিয়ে মারধর ও বৈদ্যুতিক শক প্রদান করে। পাশাপাশি ঘটনাটি ভিডিও করে তাকে হত্যার হুমকিও দেয়। কলেজের বাইরে থেকে আরও একজন ব্যক্তি এ আক্রমণে সহযোগিতা করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠন প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে। কলেজ কর্তৃপক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/এএম