আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর জনস্বাস্থ্য বিভাগ গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “গবেষণার দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভূমিকা” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে স্বাস্থ্য গবেষণার গুরুত্ব এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার বৈশ্বিক ও স্থানীয় প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর সিনিয়র ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, পিএইচডি, বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা হলো একটি কার্যকর ও সমন্বিত স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড। এটি বিশ্বব্যাপী স্বাস্থ্য বৈষম্য হ্রাস এবং সাশ্রয়ী ও ন্যায্য সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি বলেন, এক ছাদের নিচে মৌলিক স্বাস্থ্যসেবার সকল উপাদান ডাক্তার, নার্স, ল্যাবরেটরি, ফার্মেসি, মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিংসহ সেবা নিশ্চিত করা জরুরি।
সেমিনারের শুরুতে বক্তব্য দেন এআইইউবি জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ড. রাকিয়া ইশরা। অনুষ্ঠানটি পরিচালনায় দিকনির্দেশনা দেন বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ ওয়াসিফুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম এবং অন্যান্য অনুষদ সদস্যরা।
