রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা মোস্তফা গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বারকে (৪৮) গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ। 

মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকার গোলচত্বরে পূর্ব পরিকল্পিতভাবে এজাহারে উল্লেখিত ১৭০ জন আসামি ও অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৩০০ জন ব্যক্তি বেআইনি সংঘবদ্ধ হয়ে বোমা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, রড দিয়ে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। 

ওই হামলায় আহত হন সোনিয়া আক্তার স্মৃতি, নুরুননবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস্য সরকার, রিয়াজসহ অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবক। 

আহতদের অনেকেই গুরুতর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা চিকিৎসা কাজেও বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত রাজিব মোল্লা (২৪) রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিকাইল হোসেন অভিযান চালিয়ে মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বারকে গ্রেপ্তার করেন। 

ইত্তেফাক/এমএস