আগামীকাল শনিবার ছায়ানট মিলনায়তনে বিকাল ৪টায় কৃষ্টির প্রথম আয়োজন ‘বাংলা গানের পরম্পরায় গান গল্পে’ আসবেন কিংবদন্তি গণসংগীতশিল্পী শুভেন্দু মাইতি। সংগীতগুরু শুভেন্দু মাইতি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের নন্দীগ্রামে। মানুষ ও সংগীতকে ভালোবেসে তিনি গণসংগীতের প্রেমে পড়েন। জড়িয়ে পড়েন রাজনীতিতেও। ষাটের দশকে তিনি কলকাতা নগরে আসেন উচ্চতর শিক্ষা নিতে। এসে প্রেমে পড়েন কবিতার। আর রাজনৈতিক কারণে তাকে গণসংগীত নিয়ে ছুটে বেড়াতে হয় পুরো রাজ্যে। হাজার হাজার শ্রোতা সেই গানে অনুপ্রাণিত হয়। সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা প্রমুখ শিল্পীকে হাত ধরে নিয়ে আসেন নাগরিক শ্রোতাদের সামনে। লালন একাডেমিকে নিয়ে গড়ে তুলেছেন বাংলা গানের আর্কাইভ। শৈশবে প্রিয় গুরু বলেছিলেন, ‘গান বিকোবি না।’ ছায়ানট মিলনায়তনে আগামীকালের এই আয়োজনে মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
