বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরীর (২০) প্রাণহানির মামলা এবং মিরপুর আইডিয়াল ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তা বাসচাপায় গুরুতর আহত হওয়ার মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী চার্জশিট দুটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য মামলা বদলির আদেশ দেন।
এর আগে গত ২৫ এপ্রিল আদালতে পৃথক দুটি চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। দুই চার্জশিটে সাক্ষী করা হয় ৩২ জনকে।
আবরার নিহত হওয়ার মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন—সুপ্রভাত পরিবহনের বাস মালিক ননী গোপাল সরকার এবং কন্ডাক্টর মো. ইয়াছিন আরাফাত।
বাসচাপায় মুক্তার গুরুতর আহত হওয়ার মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন—ননী গোপাল সরকার, কন্ডাক্টর ইয়াছিন আরাফাত, চালক সিরাজুল ইসলাম ওরফে মিরাজ এবং হেলপার ইব্রাহীম হোসেন।
চার্জশিট দাখিলের পরে ঘটনার সঙ্গে আরো আসামি জড়িত আছে জানিয়ে ২৯ এপ্রিল মামলাটি অধিকতর তদন্তের আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তার এ আবেদন আদালত মঞ্জুর করেন। নতুন কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া যায়নি মর্মে গত ২৮ মে ঢাকা সিএমএম আদালতে তথ্য জানিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
