ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:৩১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসছে ঈদুল আজহার আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, বেগম খালেদা জিয়াকে নির্জলা ও হাস্যকর বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে গত ১৮ মাস কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ৭৪ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। পিজি হাসপাতালের চার দেয়ালে বন্দি রেখে নামমাত্র চিকিত্সা দেওয়া হচ্ছে তাকে। মিথ্যা মামলাগুলো জামিনযোগ্য হলেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তার জামিন নিয়ে টালবাহানা বন্ধ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করে রিজভী বলেন, ‘সরকার দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। আইনমন্ত্রী এই ব্যর্থতা ঢাকতে গণপিটুনির দায় চাপাচ্ছেন বিরোধীদলের ওপর। আবোল-তাবোল বকছেন।’ ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর মহামারি চললেও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও তিনি অভিযোগ করেন।